বিসমিল্লাহির রহমানির রাহিম।
আল-কুরআন মাজীদ মানুষের চিন্তা ও উপলব্ধির কেন্দ্রবিন্দু হিসেবে ‘ক্বলব’ (قَلْب) বা অন্তরকে সাব্যস্ত করেছে। এই ক্বলব যখন সত্যের আলো গ্রহণ করতে অস্বীকার করে, তখন এক পর্যায়ে তাতে ‘খাতাম’ (خَتَمَ) বা ‘ত্বাবা’আ’ (طَبَعَ) তথা সিলগালা বা মোহর মেরে দেওয়া হয়। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং মানুষের ধারাবাহিক অবাধ্যতা, অঙ্গীকারভঙ্গ এবং সত্য বিমুখতার এক চূড়ান্ত আধ্যাত্মিক দণ্ড।
নিচে আল-কুরআনের আয়াতসমূহের অভ্যন্তরীণ যোগসূত্র ও বিন্যাস বিশ্লেষণের মাধ্যমে এইবিষয়টি ব্যাখ্যা করা হলো।
অঙ্গীকার ভঙ্গ ও ক্বলবে মোহর পড়ার কার্যকারণ:
আল-কুরআন মাজীদ ক্বলবে মোহর পড়ার একটি প্রধান কারণ হিসেবে মানুষের নৈতিক স্খলন ওপ্রতিশ্রুতি ভঙ্গকে চিহ্নিত করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন:
“অতঃপর তাদের অঙ্গীকার ভঙ্গের (نَقْضِهِم مِّيثَاقَهُمْ) কারণে, আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করার কারণে, অন্যায়ভাবে নবীগণকে হত্যা করার কারণে এবং তাদের এই কথা বলার কারণে যে— ‘আমাদের হৃদয়গুলো আচ্ছাদিত’ (قُلُوبُنَا غُلْفٌ); বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাতে মোহর (طَبَعَ) মেরে দিয়েছেন। ফলে তাদের অল্প সংখ্যকই ঈমান আনে।” (৪:১৫৫)
গভীর অনুধাবন: এই আয়াতের শব্দগত গাঁথুনি অত্যন্ত সূক্ষ্ম। এখানে মানুষের একটি আত্মপক্ষ সমর্থনের দাবি তুলে ধরা হয়েছে— ‘আমাদের হৃদয় আচ্ছাদিত’ বা ‘বন্ধ’। অর্থাৎ তারা বোঝাতে চায় যে, সত্য তাদের হৃদয়ে প্রবেশ করার পথ পাচ্ছে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই ধারণাকে খণ্ডন করে জানিয়েছেন, হৃদয় প্রকৃতিগতভাবে বন্ধ থাকে না; বরং তাদের ধারাবাহিক কুফরি ও অঙ্গীকার ভঙ্গের ফলেই আল্লাহ তাতে মোহর মেরে দিয়েছেন।
এটি একটি ‘ক্রিমিনাল জাস্টিস’—মানুষ যখন বারবার সত্যের ‘মীছাক’ বা চুক্তি ভঙ্গ করে, তখন তার হৃদয়ের সত্য গ্রহণ ক্ষমতা কেড়ে নেওয়া হয়।
কারা সেই ব্যক্তি যাদের ক্বলবে সিলগালা করা হয়?
আল-কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রব্বুল আলামিন সেই সব শ্রেণী ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যারা নিজেদের কর্মের দ্বারা হৃদয়ের প্রবেশদ্বার রুদ্ধ করে ফেলে।
১. প্রমাণ ব্যতীত যারা আল্লাহর আয়াতসমূহের ব্যাপারে বিতর্ক করে:
যারা আল্লাহর আয়াতসমূহ নিয়ে কোনো অকাট্য দলিল (সুলতান) ছাড়াই বিতর্কে লিপ্ত হয়, তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন:
তাদের কাছে এসেছে এমন কোনো প্রমাণ ব্যতীত যারা আল্লাহর আয়াতসমূহের ব্যাপারে বিতর্ক করে। আল্লাহর কাছে এবং যারা ঈমান এনেছে তাদের কাছে সেটা অতিশয় অপছন্দনীয়। ওভাবেই আল্লাহ প্রত্যেক স্বেচ্ছাচারী, অহংকারীর অন্তরের (ক্বলবের) ওপর মোহর (يَطْبَعُ) মেরে দেন। (৪০:৩৫)
২. নাযিলকৃত অহী বাদ দিয়ে অন্য যাকিছু সেমতে যারা জীবন চালায় তাদের ক্বলবে সিলগালা করে দেয়া হয়: (প্রবৃত্তিকে উপাস্য হিসেবে গ্রহণকারী):
যখন মানুষ ওহীর জ্ঞানের পরিবর্তে নিজের ইচ্ছা ও খেয়াল-খুশীকে জীবনের মাপকাঠি বানায়, তখন তার বোধশক্তি লোপ পায়। আল্লাহ
সু.তা. বলেন: “তুমি কি তাকে দেখেছ, যে তার প্রবৃত্তিকে নিজের উপাস্য হিসেবে গ্রহণ করেছে? আল্লাহ জেনে-শুনেই তাকে পথভ্রষ্ট করেছেন এবং তার কান ও অন্তরে মোহর (خَتَمَ) মেরে দিয়েছেন।” (৪৫:২৩)
৩. পার্থিব জীবনকে আখেরাতের ওপর প্রাধান্য দানকারী:
আল্লাহ রব্বুল আলামিন বলেন: “তারা ঐ সব লোক যাদের অন্তরে, কানে ও চোখে আল্লাহ মোহর (طَبَعَ) মেরে দিয়েছেন এবং তারাই গাফেল।” (১৬:১০৮)
4. ক্বলবের তালা ও গভীর অনুধ্যানের অভাব:
আল-কুরআন মাজীদ ক্বলব বা হৃদয়ের এই বন্ধ দশাকে ‘তালা’ বা শিকলের সাথে তুলনা করেছে:
“তবে কি তারা কুরআন নিয়ে গভীর অনুধ্যান করে না? নাকি হৃদয়গুলোর ওপর তাদের তালা (أَقْفَالُهَا) লেগে আছে?” (৪৭:২৪)
এখানে ‘তালা’ শব্দটি নির্দেশ করে যে, মানুষের হৃদয়কে মুক্ত রাখার চাবিকাঠি হলো আল-কুরআন নিয়ে অনুধ্যান করা। যখন কেউ এই অনুশীলন ছেড়ে দেয়, তখন তার হৃদয়ের কপাটগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ বা লক হয়ে যায়।
শব্দগত গাঁথুনি ও অভ্যন্তরীণ সামঞ্জস্য বিশ্লেষণ:
আর অবশ্যই আমরা জাহান্নামের জন্য জ্বীন ও মানুষের মধ্য থেকে বহুজনকে সৃষ্টি করেছি। তাদের রয়েছে এমন হৃদয়সমূহ (ক্বলবসমূহ) সেগুলো দিয়ে তারা উপলব্ধি করে না। আর তাদের রয়েছে এমন চোখসমূহ সেগুলো দিয়ে তারা দেখে না। আর তাদের রয়েছে এমন কানসমূহ সেগুলো দিয়ে তারা শুনে না। ওরাই পশুর মতো। বরং তারা অধিক পথভ্রষ্ট। ওরাই উদাসীন।
আল-কুরআনে ‘মোহর মারা’র সাথে তিনটি ইন্দ্রিয়কে বারবার ধারাবাহিকভাবে আনা হয়েছে:
ক্বলব (অন্তর), সাম’আ (কান) এবং বাছারা (চোখ)।
বিন্যাসটি লক্ষ্য করলে দেখা যায় (২:৬-৭, ১৬:১০৮), মোহর মারা হয় অন্তর ও কানে, আর আবরণ (غِشَاوَةٌ) দেওয়া হয় চোখে। এর সূক্ষ্ম ইঙ্গিত হলো—মানুষের উপলব্ধি শুরু হয় শ্রবণ ও দর্শনের মাধ্যমে। যখন চোখ সত্য দেখেও না দেখার ভান করে এবং কান সত্য শুনেও তা হৃদয়ে প্রবেশ করতে দেয় না, তখন ক্বলব তার প্রক্রিয়াজাতকরণ ক্ষমতা হারায়। ফলে ক্বলব একটি ‘বদ্ধ পাত্রে’ পরিণত হয়। ৪:১৫৫ আয়াতে বর্ণিত ‘(গুলফুন)’ (আচ্ছাদন) এবং ৪৭:২৪ আয়াতের ‘أقفال’ (তালা) একই রুদ্ধ অবস্থার ভিন্ন ভিন্ন রূপক।
5. উম্মুক্ত হৃদয় বনাম রুদ্ধ হৃদয় (বিপরীতমুখী চিত্র):
কুরআনিক বিশ্লেষণে এর একটি শক্তিশালী কন্ট্রাস্টিং আয়াত পাওয়া যায় সূরা আয-যুমারে।
আল্লাহ সু.তা. বলেন: “আল্লাহ যার বক্ষ ইসলামের জন্য উম্মুক্ত (شَرَحَ) করে দিয়েছেন, ফলে সে তার প্রতিপালকের পক্ষ থেকে আসা আলোর ওপর রয়েছে (সে কি তার সমান যে অন্ধকারে আছে)?” (৩৯:২২)
এখানে মোহর মারা হৃদয়ের ঠিক বিপরীত হলো ‘শরহে ছদর’ বা বক্ষ উম্মুক্ত হওয়া। যার ক্বলবে মোহর নেই, ওহীর বাণী শুনে তার অন্তর ও চামড়া বিনম্র হয়ে যায় (৩৯:২৩)।
6. নাযিলকৃত আয়াত না মানার ফলাফল: আধ্যাত্মিক মৃত:
আল-কুরআন মাজীদের এই বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট হয় যে, ক্বলবে মোহর পড়া কোনো আকস্মিক ভাগ্য নয়, বরং এটি একটি বাছাইকৃত অপরাধের ফল। যখন একজন ব্যক্তি ৪:১৫৫ আয়াত অনুযায়ী তার জীবনের মৌলিক অঙ্গীকারগুলো ভঙ্গ করে, একমাত্র সত্যের আয়াত আসার পর তা তুচ্ছজ্ঞান করে এবং অহংকারে লিপ্ত হয়, তখন তার আত্মিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে।
মোহর মারা হৃদয়ের অধিকারী ব্যক্তি শারীরিকভাবে জীবিত থাকলেও আধ্যাত্মিকভাবে সে মৃত, কারণ সে মহাজাগতিক সত্য অনুধাবনের ক্ষমতা হারিয়ে ফেলেছে। আল-কুরআন আমাদের সতর্ক করে যে, এই মোহর লাগার আগেই যেন আমরা আমাদের ক্বলবকে ওহীর নূরের জন্য উম্মুক্ত করি।
ক্বলবের স্থিরতা ও কাঠিন্য থেকে মুক্তির জন্য আল-কুরআনের প্রাসঙ্গিক দুআ-তাসবিহ:
আল্লাহ রব্বুল আলামিন আমাদের শিখিয়েছেন কীভাবে তাঁর কাছে ক্বলবের সুস্থতা প্রার্থনা করতে হবে:
“হে আমাদের পালনকর্তা! আমাদের অন্তরসমূহকে সত্যপথ প্রদর্শনের পর হেদায়েত বিচ্যুত করো না এবং তোমার পক্ষ থেকে আমাদের রহমত দান করো। নিশ্চয়ই তুমিই মহাদাতা।” (৩:৮)
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
“পবিত্রতা তোমারই! আমরা তো কিছুই জানি না, তুমি আমাদের যা শিখিয়েছ তা ছাড়া। নিশ্চয় তুমি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।” (২:৩২)
سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ
“হে আমার রব! আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন।” (২০:২৫-২৬)
(رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي)
“নিশ্চয়ই আমার সালাত, আমার ত্যাগ, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য।” (৬:১৬২)
إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
