জনৈক জিজ্ঞাসুর প্রশ্ন:
সালামুন আলা মুহাম্মদ (সা.)-এর বক্ষ বিদারণ (সিনা দ্বিখণ্ডিত করা/শাক্কুস-সদর) এবং তাঁর হৃদয় ধৌত করার ঘটনাটি কি আল-কুরআনের কোনো আয়াতে সরাসরি উল্লেখ করা হয়েছে? যদি হয়ে থাকে, তবে অনুগ্রহ করে সংশ্লিষ্ট সূরা ও আয়াত উল্লেখ করুন।
অনুধ্যানে উত্তর:
না। আল-কুরআনে এমন কোনো আয়াত নেই যেখানে সরাসরি বলা হয়েছে যে সালামুন আলা মুহাম্মদ (সা.)-এর বক্ষ বিদারণ করা হয়েছে বা তাঁর হৃদয় ধৌত করা হয়েছে।
এ ধরনের ঘটনার বর্ণনা কিছু লোক মনুষ্য রচিত কথিত সহিহ হাদিসের ভিত্তিতে প্রচার করে থাকেন। তবে যদি এ ঘটনাটি আমাদের ঈমান, শিক্ষা বা অনুসরণের জন্য অপরিহার্য বিষয় হতো, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাঁর নাযিলকৃত সর্বশেষ ও পূর্ণাঙ্গ ওহির কিতাব আল-কুরআনে তা সুস্পষ্টভাবে উল্লেখ করতেন।
আল-কুরআনে যা উল্লেখ আছে:
আল্লাহ তাআলা বলেন—
"আমি কি আপনার জন্য আপনার বক্ষ প্রশস্ত করে দিইনি?"
-সূরা আশ-শারহ, ৯৪:১
এখানে "বক্ষ প্রশস্ত করা" (শারহুস-সদর) কথাটি এসেছে। কিন্তু এ আয়াতে কোথাও বক্ষ বিদারণ করা বা হৃদয় ধৌত করার কোনো উল্লেখ নেই।
একই ধরনের শব্দ "সদর (صدر)"-এর ব্যবহার আমরা সালামুন আলা মূসা -এর একটি দোয়ায়ও দেখতে পাই। ফেরাউনের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার আগে তিনি দোয়া করেছিলেন—
রাব্বি ইশরাহ্ লি সাদরি, ওয়া ইয়াসসির লি আমরি, ওয়াহলুল উকদাতান মিন লিসানি, ইয়াফকাহু কাওলি।
হে আমার রব! আমার বক্ষ প্রশস্ত করে দিন। আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে।"-সূরা ত্বা-হা, ২০:২৫–২৮
এখানে "اشْرَحْ لِي صَدْرِي" (আমার বক্ষ প্রশস্ত করে দিন) বলতে মানসিক দৃঢ়তা, সাহস, প্রশান্তি এবং দায়িত্ব পালনের সক্ষমতা বোঝানো হয়েছে; শারীরিকভাবে বক্ষ বিদারণ বা হৃদয় ধৌত করার কোনো প্রসঙ্গ নয়।
অতএব, সূরা আশ-শারহ (৯৪:১)-এ "أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ" এবং সূরা ত্বা-হা (২০:২৫)-এ "رَبِّ اشْرَحْ لِي صَدْرِي"—
উভয় ক্ষেত্রেই "বক্ষ প্রশস্ত করা" বলতে অন্তরকে প্রশস্ত করা, সাহস, প্রশান্তি ও দায়িত্ব পালনের শক্তি দান করাকেই বোঝায়। আল-কুরআনের কোথাও এ আয়াতগুলোকে শারীরিকভাবে বক্ষ বিদারণ বা হৃদয় ধৌত করার ঘটনা হিসেবে বর্ণনা করা হয়নি।
এ বিষয়ে আপাতত আমার রব আমাকে এর চেয়ে অধিক কোনো জ্ঞান দান করেননি।
আলহামদু লিল্লাহি রব্বিল 'আলামীন।
