আশ্রয় চাওয়া ও সাহায্য র্প্রাথনার মধ্যে কোন পার্থক্য আছে কি?
আল-কুরআন একজন মুমিনকে আল্লাহর সঙ্গে এমন এক সম্পর্ক গড়ে তুলতে শিক্ষা দেয়, যেখানে সে একমাত্র আল্লাহরই সাহায্য চায় এবং একমাত্র আল্লাহরই আশ্রয় প্রার্থনা করে। কিন্তু কুরআনের ভাষায় এই দুটি শব্দ একই অর্থ বহন করে না; বরং উদ্দেশ্য ও প্রয়োগে রয়েছে সূক্ষ্ম পার্থক্য।
১. সাহায্য চাওয়া (الاستعانة):
সাহায্য চাওয়া হলো—কোনো কল্যাণকর কাজ সম্পন্ন করতে, হিদায়াত লাভ করতে, ধৈর্য ধারণ করতে বা সফলতা অর্জনের জন্য আল্লাহর সাহায্য কামনা করা।
আল্লাহ বলেন—
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ: ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাসতা'ঈন।
অর্থ: আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই সাহায্য চাই। -সূরা আল-ফাতিহা, ১:৫
আবার আল্লাহ বলেন—
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ
উচ্চারণ: ওয়াস্তা'ঈনূ বিস্-সাবরি ওয়াস্-সালাহ।
অর্থ: তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। সূরা আল-বাকারা, ২:৪৫
অর্থাৎ, যখন বান্দা আল্লাহর আনুগত্যে দৃঢ় থাকতে, নেক কাজ করতে বা জীবনের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে চায়, তখন সে আল্লাহর সাহায্য প্রার্থনা করে।
২. সকল দৃশ্যমান ও অদৃশ্য অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া (الاستعاذة):
আশ্রয় চাওয়া হলো—অকল্যাণ, শয়তানের কুমন্ত্রণা, মানুষের অনিষ্ট, নৈতিক অধঃপতন বা যেকোনো ক্ষতি থেকে আল্লাহর নিরাপত্তা প্রার্থনা করা।
আল্লাহ বলেন—
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
উচ্চারণ: কুল আউযু বিরাব্বিল ফালাক।
অর্থ: বলুন! আমি ভোরের রবের আশ্রয় চাই। -সূরা আল-ফালাক, ১১৩:১
আবার বলেন—
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
উচ্চারণ: কুল আউযু বিরাব্বিন নাস।
অর্থ: বলুন! আমি মানুষের রবের আশ্রয় চাই। -সূরা আন-নাস, ১১৪:১
এখানে বান্দা আল্লাহর কাছে নিরাপত্তা ও সুরক্ষা কামনা করছে।
৩. আশ্রয় শুধু বাহ্যিক বিপদ থেকে নয়; অন্তরের ও জ্ঞানের ভুল থেকেও:
কুরআন আমাদের আরও একটি গভীর শিক্ষা দেয়। আশ্রয় চাওয়া শুধু বাহ্যিক বিপদ থেকে নয়; নৈতিক অধঃপতন থেকেও। আশ্রয় চাওয়া শুধু শত্রু বা শয়তান থেকে নয়; বরং নিজের অজ্ঞতা, ভুল, সীমাবদ্ধতা ও আত্মিক দুর্বলতা থেকেও আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া।
সালামুন আলা মূসা বলেন—
أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ
উচ্চারণ: আউযু বিল্লাহি আন আকূনা মিনাল জাহিলীন।
অর্থ: "তিনি বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই, যেন আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই।" -সূরা আল-বাকারা, ২:৬৭
এখানে তিনি কোনো শত্রুর হাত থেকে নয়; বরং অজ্ঞতা ও অবিবেচক আচরণে পতিত হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছেন।
অজ্ঞানতাবশত ভুল চাওয়া থেকে আশ্রয়:
رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ ۖ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُنْ مِنَ الْخَاسِرِينَ
উচ্চারণ: রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লী বিহি ‘ইলম; ওয়া ইল্লা তাগফির লী ওয়া তারহামনী আকুন মিনাল খাসিরীন।
অর্থ: হে আমার রব! আমি আপনার আশ্রয় চাই—যে বিষয়ে আমার জ্ঞান নেই তা আপনার কাছে চাওয়া থেকে। আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। -সূরা হূদ ১১:৪৭
শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয়ের দোয়া:
رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ
উচ্চারণ: রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইয়াতীন। ওয়া আউযু বিকা রব্বি আইয়্যাহদুরূন।
অর্থ: আর বলুন! হে আমার রব! আমি আপনার আশ্রয় চাই শয়তানদের কুমন্ত্রণা থেকে। এবং হে আমার রব! আমি আপনার আশ্রয় চাই, যেন তারা আমার কাছে উপস্থিত না হয়। সূরা আল-মু'মিনূন, ২৩:৯৭–৯৮
এই দোয়ায় আল্লাহ তাঁর রাসূলকে শিক্ষা দিচ্ছেন, শুধু শয়তানের কুমন্ত্রণা থেকেই নয়, বরং শয়তানের নৈকট্য ও প্রভাব থেকেও আল্লাহর আশ্রয় চাইতে। এটি কুরআনে আশ্রয় (الاستعاذة)-এর একটি অত্যন্ত স্পষ্ট ও গভীর উদাহরণ।
৪. দোয়ার মাধ্যমে পার্থক্য:
(ক) সাহায্য প্রার্থনার দোয়া
رَبِّ زِدْنِي عِلْمًا
উচ্চারণ: রব্বি জিদনী ইলমা।
অর্থ: হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করুন। -সূরা ত্বা-হা, ২০:১১৪
এখানে বান্দা জ্ঞান অর্জনের জন্য আল্লাহর সাহায্য চাইছে।
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
উচ্চারণ: রব্বানা আফরিগ 'আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরীন।
অর্থ: হে আমাদের রব! আমাদের ওপর ধৈর্য বর্ষণ করুন, আমাদের পদক্ষেপ দৃঢ় রাখুন এবং আমাদের সাহায্য করুন। -সূরা আল-বাকারা, ২:২৫০
এখানে ধৈর্য, দৃঢ়তা ও সাহায্য—সবই আল্লাহর কাছে চাওয়া হয়েছে।
(খ) আশ্রয় প্রার্থনার দোয়া:
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
উচ্চারণ: কুল আউযু বিরাব্বিল ফালাক।
অর্থ: বলুন! আমি ভোরের রবের আশ্রয় চাই। -সূরা আল-ফালাক, ১১৩:১
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
উচ্চারণ: কুল আউযু বিরাব্বিন নাস।
অর্থ: বলুন! আমি মানুষের রবের আশ্রয় চাই।" -সূরা আন-নাস, ১১৪:১
أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ
উচ্চারণ: আউযু বিল্লাহি আন আকূনা মিনাল জাহিলীন।
অর্থ: আমি আল্লাহর আশ্রয় চাই, যেন আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই-সূরা আল-বাকারা, ২:৬৭
مَعَاذَ اللَّهِ (মা‘আযা আল্লাহ!)-ও একই মূল ধারণার অন্তর্ভুক্ত। এটি "আল্লাহর আশ্রয় চাই" বা আল্লাহর পানাহ! অর্থ প্রকাশ করে। এটি أعوذ بالله (আউযু বিল্লাহ!)-এর কাছাকাছি অর্থ বহন করে, তবে প্রকাশভঙ্গি কিছুটা আলাদা।
কুরআনে এর ব্যবহার: সবচেয়ে প্রসিদ্ধ উদাহরণ সূরা ইউসুফে এসেছে। সালামুন আলা ইউসুফ-এর মুখে-
قَالَ مَعَاذَ اللَّهِ ۖ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ
উচ্চারণ: ক্বালা মা'আযাল্লাহ; ইন্নাহু রব্বী আহসানা মাসওয়ায়া।
অর্থ: তিনি (ইউসুফ) বললেন, আল্লাহর আশ্রয় চাই! নিশ্চয়ই তিনি আমার রব; তিনি আমাকে উত্তম আবাস দিয়েছেন। -সূরা ইউসুফ, ১২:২৩
এখানে সালামুন আলা ইউসুফ ব্যভিচারের (illegal sex) আহ্বান প্রত্যাখ্যান করে সঙ্গে সঙ্গে বলেন-
"মা'আযাল্লাহ"—অর্থাৎ, আমি আল্লাহর আশ্রয় চাই, এমন কাজ করা থেকে।
এখানে আশ্রয় চাওয়া গুনাহে পতিত হওয়া থেকে আত্মরক্ষার ঘোষণা।
সালামুন আলা ইউসুফ -এর ভাইদের প্রসঙ্গে:
قَالَ مَعَاذَ اللَّهِ أَنْ نَأْخُذَ إِلَّا مَنْ وَجَدْنَا مَتَاعَنَا عِنْدَهُ
উচ্চারণ: ক্বালা মা'আযাল্লাহ আন না'খুযা ইল্লা মান ওয়াজাদনা মাতাআনা ইন্দাহু।
অর্থ: তিনি বললেন, আল্লাহর আশ্রয় চাই, যার কাছে আমাদের মাল পাওয়া যায়নি তাকে আমরা ধরে রাখব—এমনটি করার থেকে। -সূরা ইউসুফ, ১২:৭৯
এখানেও মা'আযাল্লাহ অর্থ হলো—আল্লাহর আশ্রয় চাই, আমি এমন অন্যায় করতে পারি না।
"أعوذ بالله" ও "معاذ الله" – সূক্ষ্ম পার্থক্য:
দুটিই আশ্রয় প্রার্থনা বোঝায়, তবে ব্যবহারে সামান্য পার্থক্য আছে।
➥ أعوذ بالله (আউযু বিল্লাহ) = "আমি আল্লাহর আশ্রয় চাই।"➥معاذ الله (মা'আযাল্লাহ) = "আল্লাহর আশ্রয়!", "আল্লাহ পানাহ!", "আল্লাহ রক্ষা করুন!"
এটি সাধারণত কোনো গুনাহ, অন্যায় বা ভয়ংকর বিষয়ে তীব্র প্রত্যাখ্যান প্রকাশ করতে ব্যবহৃত হয়। অর্থগতভাবে এর মধ্যেও আল্লাহর আশ্রয় প্রার্থনা নিহিত রয়েছে।
কুরআনে আশ্রয় প্রার্থনার তিনটি প্রকাশভঙ্গি লক্ষ্য করা যায়:
এভাবে কুরআনের বিভিন্ন স্থানে আশ্রয় প্রার্থনার ভাষা ও প্রয়োগ আরও পূর্ণাঙ্গভাবে ফুটে ওঠে।
অনুধাবনে উপসংহার:
কুরআন আমাদের শেখায়—
যখন আমরা কোনো কল্যাণ অর্জন করতে চাই, তখন আল্লাহর সাহায্য চাই।
আর যখন আমরা কোনো অকল্যাণ থেকে রক্ষা পেতে চাই, তখন আল্লাহর আশ্রয় চাই।
এই দুই শিক্ষাই একজন মুমিনের তাওহীদের প্রকাশ। কারণ কুরআনের ভাষায়, সাহায্যও একমাত্র আল্লাহর কাছেই চাওয়া হয়, আর আশ্রয়ও একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করা হয়।

